ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন-চেলসি ম্যাচ ১-১ গোলে ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দিবাগত রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মুখোমুখি হয়েছিল চেলসি। ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হয়েছে ব্লুজরা। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে তারা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

এই ম্যাচ জিতলে ম্যানচেস্টার সিটির সাথে তাদের পয়েন্ট ব্যবধান কমতে পারতো। কিন্তু ড্র করায় সিটির চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে চেলসি। ২০ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৪২ পয়েন্ট। অন্যদিকে ম্যানসিটির সংগ্রহ ৫০ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে ব্রাইটন আছে দশম স্থানে।

ঘরের মাঠে ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় চেলসি। এ সময় কর্নায় পায় তারা। কর্নার থেকে ম্যাসন মাউন্টের নেওয়া শট খুঁজে পায় রোমেলু লুকাকুকে। তিনি হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন।

অবশ্য গোলটি নিয়ে আপত্তি তোলে ব্রাইটন। তাইতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বেশ সময় নিয়ে গোলটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর বৈধ বলে ঘোষণা করেন।

বিরতির পর পাল্টা আক্রমণ থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল চেলসি। এ সময় কালাম হাডসন বল নিয়ে এগিয়ে যান। তার সামনে ছিলেন ব্রাইটনের রক্ষণভাগের একজন খেলোয়াড় ও গোলরক্ষক। কিন্তু তিনি চূড়ান্তপাসের সময় তিনি ম্যাসন মাউন্টকে বল দিতে ব্যর্থ হন। তাতে দারুণ সুযোগটি নষ্ট হয়।

গোল হজম করা ব্রাইটন চেলসির ওপর চাপ দিয়ে খেলতে শুরু করে। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা। সেটার ফল পায় ম্যাচের যোগ করা সময়ে। ৯০+১ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বলে ড্যানি ওয়েলবেক হেড দিয়ে গোল করেন। এটা ছিল স্টামেফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ব্রাইটনের প্রথম গোল। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে চেলসি ও ব্রাইটন।