পিকলু দত্ত/সামী জাবেদ, টেকনাফ :
সোমবার টেকনাফ সরকারী কলেজ মাঠে ২১ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৯টি শর্তে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছে।
শর্তগুলো হচ্ছে :
>মাদক ব্যবসায়ীগণ এ ঘৃণ্য মাদক ব্যবসা ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমাজে সুস্থ্য সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করবে।
>ভবিষ্যতে তারা মাদক সংক্রান্ত কোন অপরাধে জড়িত হবে না।
সমাজে ফিরে গিয়ে তারা স্ব স্ব এলাকা মাদকমুক্ত রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবে।
>তাদের স্ব স্ব এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে এলাকা ভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠন এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে মাদক ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানসহ সার্বিক সহযোগীতা প্রদান করবে।
>যে সকল লোক মাদক ব্যবসায় এখনো সক্রিয় রয়েছে তাদের তথ্য জেলা পুলিশকে সরবরাহ করবে।
>আত্মসমর্পণের পূর্বে তাদের বিরুদ্ধে যেসকল মামলা রুজু হয়েছে বা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এসকল মামলাগুলো তারা নিজ দায়িত্বে আইনগতভাবে মোকাবেলা করবে।
>আত্মসমর্পণকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজতে যে সকল মাদকদ্রব্য-অবৈধ অস্ত্র রয়েছে তা তারা আত্মসমর্পণের সময় জেলা পুলিশের নিকট হস্তান্তর করবে।
>আত্মসমর্পণ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে যে মামলাটি রুজু হবে, সরকারের অনুমতি সাপেক্ষে তাদেরকে আইনগত সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
>মাদক ব্যবসার মাধ্যমে নিজে/পরিবারের/আত্মীয় স্বজনের নামে বেনামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তি যাছাইয়ের জন্য দুদক/সিআইডি(মানিলন্ডারিং শাখা)/এনবিআর সহ সংশ্লিষ্ট সকল সরকারী সংস্থার নিকট তাদের তথ্যাদি প্রেরন করা হবে। সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাদের অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি যাছাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
