ডুলাহাজারা ইউপি নির্বাচনে ইভিএম কারচুপিতে আনারস মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ সম্মেলনে পুননির্বাচনের দাবী বিজীত চেয়ারম্যান প্রাথীদের

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চতুর্থধাপে অনুষ্ঠিত ডুলাহাজারা ইউপি নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের কারসাজি ও ইভিএমে সুক্ষ কারচুপির মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর সোমবার বিকালে টেলিফোন প্রতিকের চেয়ারম্যানপ্রার্থী কলিম উল্লাহর বাসভবনে ওই ইউনিয়নে বিজীত চেয়ারম্যান প্রার্থীরা যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বর্তমান চেয়ারম্যান ও লাঙ্গল প্রতিকের প্রার্থী নুরুল আমিন, টেলিফোন প্রতিকের প্রার্থী কলিম উল্লাহ কলি ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ মাহবুবুর রহমান।
তারা অভিন্নভাবে বলেন, প্রিসাইডিং অফিসারদের কারসাজি ও ইভিএমে শুস্ক কারচুপির মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থী হাসানুল ইসলাম আদরকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নির্বাচনের একসপ্তাহ আগে ইভিএম এ ভোট গ্রহণের ঘোষণা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা আবারো পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের দাবী জানাই। এ নির্বাচনের জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। এটি একপেশে নির্বাচন হয়েছে।
তারা আরো বলেন, আনারস প্রতিকের প্রার্থী ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে বুথের গোপন কক্ষের পাশে একজন পোলিং অফিসারকে দিয়ে প্রত্যেক ভোটারদের আনারস প্রতিকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে বারবার অভিযোগ কার হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ডুলাহাজারা ইউপিতে যেহেতু ইভিএমে ভোট গ্রহন হচ্ছে, সেহেতু প্রতিটি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার কথা থাকলেও অন্তত তিন থেকে চার বার বিদ্যুৎ চলে যায়। পরে প্রিসাইডিং কর্মকর্তারা নতুন মেমোরি কার্ড ঢুকিয়ে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। ওই চেয়ারম্যান প্রার্থী আদর ইভএমএর টেকনেশিয়ানদের ম্যানেজ করে এ অনিয়মের আশ্রয় নিয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় হাসানুল ইসলাম আদরকে জেতানোর কুটকৌশল ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে রবিবারে অনুষ্টিত ডুলাহাজারা ইউনিয়ন নির্বাচনে ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহনের দাবী জানাচ্ছি।
এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীরাও একই অভিযোগ করেন। তারা বলেন, ইভিএমের মাধ্যমে একজনের ভোট পাল্টে আর একজনকে দিয়ে জিতিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়ে অনেক প্রিসাইডিং কর্মকর্তা অনৈতিভাবে আর্থিক লেনদেনও করেছেন বলে মেম্বাররা অভিযোগ করেন। এসময় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহমদ হোসেন, বাদশা মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের জায়নাল আবেদীন, ৭ নম্বর ওয়ার্ডের মো. গিয়াসউদ্দিন ও মো. রাসেল উপস্থিত ছিলেন। ##