টেকনাফ টুডে ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে মাছ ধরার জালে আটকা পড়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। জেলেদের অসচেতনতার কারণে এভাবে পাখি মারা পড়ার কারণে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশকর্মীরা।
জানা যায়, সমুদ্রের বুকে জেগে ওঠা ওই চরে অস্থায়ী ঘর তৈরি করে একটি মহল শীত মৌসুমে জাল পেতে মাছ ধরেন। এতে ওই জালে আঁটকে মারা যাচ্ছে পাখিগুলো। এবার শীত মৌসুমের শুরুতেই চরে জেলেদের উপস্থিতি বেড়েছে। জেলেরা চরের চারপাশে খুটাজাল পেতে মাছ শিকার করছেন।
চর বিজয় থেকে ফিরে উদ্বেগ প্রকাশ করে শফিকুুর রহমান নামের একজন পর্যটক জানান, চরে পেতে রাখা জালে দেখলাম আটকে পড়া মরা পাখি রয়েছে। দেখে মনে হচ্ছে ওই জালের কারণেই পাখিগুলো মারা গেছ। কিছু মরা পাখি পচে চরে দুর্গন্ধ ছড়াচ্ছে।
পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে-পূর্ব সাগরের বুকে জেগে উঠেছে চর বিজয়। পাঁচ হাজার একর আয়তনের এ চরের অধিকাংশ এলাকা বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকলেও শীত মৌসুমে জেগে ওঠে।
২০১৭ সালের ডিসেম্বরে পর্যটক ও পর্যটন কর্মীরা এই চরে আসেন এবং এটির নাম দেন ‘চর বিজয়’।
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমাদের একটি টিম দুই-তিন দিন পর পর ওখানে পাঠানো হয়। আগামী একমাসের মধ্যে চর বিজয়ের কিছু অংশে আমরা বনায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর থেকেই আমাদের বনবিভাগের লোক ওখানে থাকবে। এরপরে আর কেউ পাখি মারতে পারবে না।
কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ইতোমধ্যে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে ওখানের জালগুলোকে উঠিয়ে নিয়ে আসা হয়।
সুত্র : দৈনিক মানব জমিন।
