পরিবহন ধর্মঘটে সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

রফিক রানা, টেকনাফ :
হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকরা। এ ধর্মঘটের ফলে মঙ্গলবার সন্ধায় সেন্টমার্টিন হতে ফেরা শত শত পর্যটক দমদমিয়া জাহাজ ঘাটে আটকা পড়ে। এদিন ঢাকাগামী দুরপাল্লার অধিকাংশ যানবাহন টেকনাফ থেকে ছেড়ে যায়নি। কয়েকটি যানবাহন জাহাজঘাট থেকে ছেড়ে গেলেও কক্সবাজার লিংক রোডে গিয়ে আটকা পড়ে। ঢাকাগামী বিভিন্ন বাসের টিকেট নেওয়া যাত্রীরা বাস না ছাড়ায় জাহাজঘাটে আটকা পড়ে। পর্যটকদের অনেকে মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে কক্সবাজার চলে যায়। আবার অনেকে দীর্ঘক্ষন অপেক্ষার পর বাস না ছাড়ায় বাধ্য হয়ে টেকনাফে অবস্থান করে। ফলে দূর্ভোগে পড়ে সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকরা।
সেন্টমার্টিন ভ্রমণে আসা ঢাকার একটি বেসরকারী কোম্পানীর চাকুরীজীবি সজিব জানান, অফিস থেকে দুইদিনের ছুটি নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে আসি। সন্ধায় ফিরতি টিকেট কাটা ছিল কিন্তু হঠাৎ ধর্মঘটের কারনে ফিরতে পারছিনা।
শামসুজ্জোহা নামে মাগুরা থেকে স্বপরিবারে ভ্রমণে আসা আরেক পর্যটক জানান, সরকার বিরোধী দলের আন্দোলন কঠোর হাতে দমন করতে পারলেও পরিবহন শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পারলো না। নাহলে আদালতের রায়ের বিরুদ্ধে কিভাবে তারা ধর্মঘট ডাকতে পারে।