টেকনাফ টুডে ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছে নিউজিল্যান্ড। সেমির পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্যে আজ নামিবিয়ার মুখোমুখি কিউইরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরেছে নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নামিবিয়া অধিনায়ক জেরার্ড এরাসমাস।
শেষ চার নিশ্চিত করতে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। অন্য দিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও বড় দলগুলোর বিপক্ষে এখনও আপসেট ঘটাতে পারেনি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে মরিয়া নামিবিয়া।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে তারা। আর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি কিউইদের।
৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে জিতলে অনায়াসে সেমিতে খেলবে তারা।
বাছাই পর্বে চমক দেখিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে সুযোগ করে নিয়ে ইতিহাস গড়ে নামিবিয়া। প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেই দ্বিতীয় রাউন্ডে পা রাখে।
সুপার টুয়েলভেও নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নামিবিয়া। কিন্তু পরের দুই ম্যাচে শক্তিশালী আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে যায় তারা। তবে এখনও বড় কোন দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি নামিবিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে চান নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস। তিনি বলেন, ‘বড় দলগুলোকে এখনো হারাতে পারিনি আমরা। সেটি পারলে, আমাদের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হবে। নিউজিল্যান্ডকে হারানো সহজ নয়। তবে আমাদের ভালো হবে এবং প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হবে।’
