১৮১৪টি পদের জন্য ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দেশের আট বিভাগের মোট ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পিএসসি থেকে বলা হয়েছে, এমসিকিউ টাইপের এ পরীক্ষায় বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংকক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগসহ প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।

এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ১ হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।