৮৯তম অস্কার : সেরা ‘মুনলাইট’, সেরা অভিনেতা অ্যাফ্লেক, অভিনেত্রী এমা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

অস্কারের ৮৯তম আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে মুনলাইট।

বাংলাদেশ সময় সোমবার ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরে এ ঘোষণা দেয়া হয়।

তবে এ পুরস্কার তাদের কপালে সহজে আসেনি। নাটকীয়তায় ভরা ঘোষণায় প্রথমে সেরা ছবির নাম বলা হয় আলোচিত ‘লা লা ল্যান্ড’।

ছবিটির পরিচালক ড্যামিয়েন শ্যাজেলসহ কলা-কুশলীদের মঞ্চেও ডাক পড়ে। এরই মধ্যে সবার কাছে ক্ষমা চেয়ে উপস্থাপক বলেন, ‘অস্কারের সেরা ছবির ঘোষণাপত্রটি ভুল।’

উপস্থাপক ওয়ারেন বেটির ভুলের কারণে সৃষ্ট চরম নাটকীয়তার শেষ হয় বেরি জেনকিনসের ‘মুনলাইট’ সিনেমাকে সেরা ঘোষণার মধ্য দিয়ে।

অস্কারে সেরা অভিনেতা অ্যাফ্লেক, অভিনেত্রী এমা

অস্কারের ৮৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি অ্যাফ্লেক।

‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য তিনি এ পুরস্কার জেতেন।

আর এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘লা লা ল্যান্ড’ ছবির এমা স্টোন।

একই ছবি দিয়ে সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ড্যামিয়েন শ্যাজেল।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো এই আসরের পুরস্কার ঘোষণা করা হয়।

এবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য।

শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।

অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ৬ হাজার ৬৮৭ জন অস্কার সদস্য।

ছবিটিতে পারস্পরিক মানবিক সহানুভূতি ও ভালোবাসার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।

এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথম মুসলিম অভিনেতা হিসেবে মাহারশালা আলী অস্কারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেন।

এর আগে ১৪টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছিল ড্যামিয়েন শ্যাজেলের ‘লা লা ল্যান্ড’।

সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীতসহ ১৪টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল এমা স্টোন ও রায়ান গসলিং অভিনীত এ মিউজিক্যাল রোমান্স।

আর ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘মুনলাইট’ ও ‘অ্যারাইভাল’ ছবিটি।

এবার সেরা সিনেমার পুরস্কারের জন্য লড়েছে ‘লা লা ল্যান্ড’ ‘মুনলাইট’, ‘অ্যারাইভাল’, ‘হ্যাক্স রিজ’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগারস’, ‘লায়ন’ ও ‘হেল এন্ড হাই ওয়াটার’।