দমদমিয়া নেচারপার্ক সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধে নিহত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ সীমান্তের আর্ন্তজাতিক সীমারেখা নাফনদী সাঁতার কেটে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে মাদক চোরাকারবারী ও বিজিবি জওয়ানদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় একজন অজ্ঞাত মাদক কারবারী নিহত হলেও বিজিবির দুই জওয়ান আহত হয়েছে। ঘটনাস্থল হতে ৩লাখ ৪০হাজার ইয়াবা, দেশীয় অস্ত্র ও কিরিচ জব্দ করা হয়েছে।

সুত্র জানায়,১২সেপ্টেম্বর (রবিবার) ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এবং দমদমিয়া বিওপির আরো একটি বিশেষ টহল দল নাফনদী সাঁতার কেটে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে নেচার পার্ক সংলগ্ন ডাবল জোড়া নামক স্থানে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩জন ব্যক্তি নাফনদী সাঁতার কেটে শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ জানিয়ে ধাওয়া করে। তখন মাদক কারবারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির দুই সদস্য আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে ৪-৫মিনিট গুলিবর্ষণ করলে মাদক কারবারীদের দুইজন নিরুপায় হয়ে নাফনদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে গেলেও একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। গোলাগুলি বন্ধ হওয়ার পর ঘটনাস্থল তল্লাশী করে একজন ২৭ বছরের অজ্ঞাত গুলিবিদ্ধ ব্যক্তিকে ৩লাখ ৪০ হাজার ইয়াবা, ১টি দেশী তৈরী অস্ত্র ও ১টি কিরিচসহ আটক করা হয়। এরপর গুলিবিদ্ধ মাদক কারবারী এবং আহত বিজিবি জওয়ানদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত মাদক কারবারী মারা যায় এবং বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান,সরকারী দায়িত্ব পালনে বাঁধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে দোষীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনী কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###