চকরিয়ায় আওয়ামী লীগ নেতা নোবেল খুনের ঘটনায় ৩২জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে মাতামুহুরী সাংগঠনিক আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মো. খলিল উল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক ১০-১২জনকে অজ্ঞাতসহ ৩২জনকে আসামী করা হয়েছে। খলিল উল্লাহ চৌধুরী ২০১৬ সালে অনুষ্ঠিত উপজেলার পুর্ববড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
এদিকে বৃহস্পতিবার সকালে চকরিয়া থানায় হত্যা মামলাটি রেকর্ড হবার দুই ঘন্টা পর এজাহার নামীয় তিন আসামীকে বাদী পক্ষের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মহানগরের হামজারবাগ এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বিএমচর ইউনিয়নের দিয়ারচর গ্রামের মো, ইউনুছের ছেলে নুরুল আলম (১৯), একই ইউনিয়নের বেতুয়ারকুল গ্রামের বশির আহমদের ছেলে রিয়াজুল ইসলাম (১৯) ও নাদির হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।
পরে একইদিন বিকাল ৫টার দিকে চকরিয়ার পূর্ববড় ভেওলার দিয়ারচর বাড়ির পার্শ্ববর্তী এলাকার ধানক্ষেত থেকে মামলার অন্যতম আসামি এনামুল হক (৫০) এবং তাঁর ভাই মো. শামীম (৪০) কে স্থানীয় জনতা পাকড়াও করে গণপিটুনি দেয়।
Chakaria.pic .19 08 2021. 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

Chakaria.pic .19 08 2021 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরমধ্যে আহত এনামুল হককে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এজাহার নামীয় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশাকরি সব আসামীদের গ্রেফতার করতে পারবো।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৭ আগস্ট দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যা করেন। এসময় আরো ১২জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আজিজুল হক নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে আহতের পরিবারসূত্রে জানা গেছে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেল উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার আবদুল খালেক সিকদারের পুত্র। তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি আসন্ন ইউপি নির্বাচনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে গত দুই বছর ধরে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন বলে জানায় নিহতের পরিবার ও স্থাণীয় এলাকাবাসী।##