হ্নীলায় ইয়াবা নিয়ে ফেরদৌস সিন্ডিকেটের ভাইসহ আটক-২ ; অপকর্ম নিয়ে হৈ ছৈ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় থানা পুলিশ অভিযান চালিয়ে হোয়াকিয়া পাড়ার ইয়াবা গডফাদার ফেরদৌস সিন্ডিকেটের সদস্য ও ভাইসহ ২জনকে ইয়াবা নিয়ে আটক করেছে। এই ঘটনার পর ফেরদৌসের অপকর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা যায়, গত ১৪ আগষ্ট দুপুর ২টারদিকে টেকনাফ মডেল থানার এসআই রাফির নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা ষ্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ রাইচমিলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে হ্নীলা পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার জাফর আলমের পুত্র মোঃ শফি উল্লাহ কায়সার প্রকাশ গুরাইয়া (২২) এবং ছৈয়দ আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৭) কে ৪হাজার পিস ইয়াবাসহ আটক করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ফেরদৌস সিন্ডিকেটের ভাই শফি উল্লাহ কায়সার প্রকাশ গুরাইয়া আটক হওয়ার পর সাধারণ একজন দর্জি থেকে হঠাৎ নিরবে-নিভৃতে গিয়ে ধরা-ছোঁয়ার বাইরে থেকে কোটিপতি হওয়া ফেরদৌসের নানা অপকর্ম নিয়ে আলোচনা শুরু হয়েছে। নারী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়নগঞ্জ এবং বৃহত্তর ঢাকার বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ আড়তদার হিসেবে পরিচিতি লাভ করে। ওসি প্রদীপের আমলে নিখোঁজ হওয়া ফেরদৌস স্বগৌরবে এলাকায় ফিরে আবারো সিন্ডিকেটের মাধ্যমে এখনো মাদকের অপতৎপরতা চালিয়ে আসছে। তাকে দ্রুত গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে আন্ডার গ্রাউন্ডে থাকা অনেক মাদক কারবারীর মুখোশ উম্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। ###