মুহাম্মদ জাহাঙ্গীর আলম / সাদ্দাম হোসাইন : হ্নীলায় ছাগল চরাতে গিয়েই ডাম্পারে মাটি কেটে সৃষ্ট গর্তে জমানো পানিতে ডুবে প্রাইমারী স্কুল ছাত্রীসহ দুই বোন প্রাণ হারিয়েছে। এই ঘটনার পর মাটি চোর ও বিক্রেতাদের কর্মকান্ড নিয়ে জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়,২৬জুন (শনিবার) সাড়ে ১২টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালীর নুরুল কবিরের সহোদর মেয়ে করোনার পূর্বে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১মশ্রেণীর ছাত্রী কমলা বেগম (৮) ও জান্নাত আরা (৪) মিলে বিলে ছাগল চরাতে যায়। এসময় জান্নাত আরা পায়খানা করে পায়ু পরিস্কার করতে গিয়ে পাশর্^বর্তী আবুল হোছনের পুত্র হোছন আহমদের জমিতে ডাম্পারযোগে ব্রিকফিল্ডে মাটি বিক্রি করার ফলে সৃষ্টগর্তে গেলে পা পিছলে পড়ে যায়। তখন বড়বোন কমলা ছোট বোন জান্নাত আরাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে যায়। তখন পাশে উপস্থিত রাখাল ছেলে-মেয়েরা শোর-চিৎকার করলে দুপুর আড়াই টারদিকে বাড়ির লোকজন এসে ঐ ডুবায় তল্লাশী করে মুমূর্ষাবস্থায় বড়বোন কমলাকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে এবং ছোটবোন জান্নাত আরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। পরে পৃথক স্থানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করে।
এই ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিকাল সাড়ে ৫টায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই সজিবের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের অভিভাবকের সাথে কথা বলে এবং মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়। এরপর নিহত দুই বোনকে রাতেই স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রভাবশালী কর্তৃক টিলা, জমি কেটে মাটি বিক্রির ফলে সৃষ্টগর্তে আরো যাতে কোন ধরনের অপমৃত্যু বা প্রাণহানির ঘটনা না ঘটে সেই ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহবান জানানো হয়। ###
