চকরিয়ায় চান্দের গাড়ির ওপর উল্টে পড়ে পাথর বোঝাই ট্রাক চাপায় নৈশপ্রহরী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় মোহাম্মদ খলিল (৩০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছে। শনিবার ভোর পাঁচটায় পৌরসভার ভাঙারমুখ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিল পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং তিনি ভাঙারমুখ বাজার সমিতির নৈশগ্রহরী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, পাথরবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। শনিবার ভোর পাঁচটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ভাঙারমুখ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চান্দের গাড়ি (জিপ) ওপর উল্টে পড়লে সেখানে থাকা নৈশগ্রহরী খলিল ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক শরফউদ্দিন বলেন, ‘দূর্ঘটনা পতিত ট্রাক ও চান্দের গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’##