কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল ; চকরিয়ায় বাস ও মাইক্রোর সংর্ঘষে নিহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মহাসড়কে ১২ঘন্টার ব্যবধানে ফের যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত ও ৯জন যাত্রী আহত হয়েছে। ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার সকাল ৭ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার কৈয়ারবিলের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মো. হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২৫) ও পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে বেসরকারি সংস্থার কর্মকর্তা মাইক্রো যাত্রী আবু তালেব (৪২)।
আহতেরা হলেন- চকরিয়া পৌরসভার দিগরপানখালীর সুনিল দাশ (৫২), পৌরসভার থানা সেন্টারের আবদুল হাকিম (৩২), চিরিঙ্গা স্টেশন পাড়ার জাফর আলম (৩২), খুটাখালীর তাফসির (৩০), ফাঁসিয়াখালীর ছাইরাখালীর মো. জকরিয়া (৫২), ডুলাহাজারা ইউনিয়নের মোহাম্মদ শুভ (৪৮), মালমুঘাটের মতিউর রহমান (৬৫), একই এলাকার আবদুর রহিম (২২) এবং খুটাখালীর ওসমান গনি (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের দিকে চকরিয়া সদর থেকে যাত্রীবাহি একটি মাইক্রোবাস চট্টগ্রামে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখি এনা পরিবহণের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় পৌছলে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়।
এসময় মাইক্রোবাসের আরও ৯ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রæত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এনা পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত: আগেরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এতে আরেক মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ##