টেকনাফ টুডে ডেস্ক : কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীর পেটের ভিতর মিললো ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট। স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে বিপুল সংখ্যক এই ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর), কুমিল্লার সদর উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (৩৮) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান (২৩)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, আসামিরা বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় আইনানুগ মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
