চকরিয়ায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী কৃষিঅফিসের সহকারি নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় যাত্রীবাহি মারসা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মো.নুরুজ্জামান (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বেলা বারোটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর দক্ষিণ ফুলছড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান পাবর্ত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি আলীকদম উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারি ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো.মোরশেদুল আলম চৌধুরী। তিনি বলেন, নুরুজ্জামান রোববার বেলা বারোটার দিকে আলীকদম থেকে মোটর সাইকেল চালিয়ে নাইক্ষ্যংছড়িস্থ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর দক্ষিণ ফুলছড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি মারসা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নুরুজ্জামান নিহত হয়।
হাইওয়ে পুলিশের ওসি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল রির্পোট তৈরী করা হয়। পরে মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপর পালিয়ে গেলেও ঘাতক বাসটি সনাক্তপুর্বক জব্দ করার চেষ্টা চলছে। ##