ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়তে হবে নয়তো ইয়াবা ব্যবসা ছাড়তে হবে…টেকনাফে আইজিপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম : আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন ইয়াবা ব্যবসায়ীদের সচেতন করতে, তাদের ভেতর বিবেক ও দেশাত্মবোধ জাগ্রত করতে আমি টেকনাফে এসেছি। তিনি কমিউনিটি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এলাকায় এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের উপর চড়াও হতে হবে। তাদেরকে বলতে হবে ইয়াবা ব্যবসা ছাড়তে হবে না হলে এলাকা ছেড়ে চলে যেতে হবে।
তিনি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহবান জানান।
তিনি আরও বলেন মাদক একজন ব্যক্তিকে সর্বশান্ত করে ফেলে, ধ্বংস করে ফেলে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। মাদক সেবনের কারণে একজন ব্যক্তি যে কোন ধরনের অপরাধে জড়িয়ে যায়।

২৪ মে বুধবার বিকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। তথাকথিত জিহাদের নামে জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুণ যুবকদের বিপথগামী করছে একটি মহল। জঙ্গিবাদ নির্মূলে পুলিশের জিরোটলারেন্স নীতি উল্লেখ করে তিনি বলেন যেখানেই জঙ্গিদের অবস্থানের খবর পাওয়া যাচ্ছে পুলিশ সেখানেই অভিযান চালিয়ে তাদের নির্মূল করছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার ডক্টর একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি এসএম মনিরুজ্জামান, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এড. আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহান। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ।

কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করে সভার সুচনা করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে কমিউনিটি পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্থরের জনতা সভায় যোগদান করেন।