এম.জিয়াবুল হক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১০০০ কর্মহীন গরীব পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট। সোমবার ২৭ এপ্রিল সকালে লক্ষ্যারচর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কুঠির সংলগ্ন কল্যান ট্রাস্টের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী।
উদ্বোধনী শেষে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার পরিবারে মাঝে পর্যায়ক্রমে এসব ইফতার সামগ্রী তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর সহধর্মিণী ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেচারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, এম কে মোহাম্মদ মিরাজ ও জিয়াউল করিম মো. তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, জাতির ক্রান্তিলগ্নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নিজস্ব উদ্যোগে এক হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি এ মহৎ উদ্যোগ গ্রহনের জন্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমসহ তার পরিবারকে সাধুবাদ জানাই। জাতির এ ক্রান্তিলগ্নে এ ধনের মহৎ উদ্যোগ গ্রহনের মাধ্যমে অসহায় পরিবারে সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া লক্ষ্যারচর ইউনিয়নের এক হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চনাবুট, তৈল, চিনি, সেমাই, ময়দা ও মুড়িসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যথাক্রমে মন্ডল পাড়া, হাজী পাড়া, জহির পাড়া, রুস্তম আলী চৌধূরী পাড়া, উত্তর পাড়া, চরপাড়া, পূর্ব পাড়া, পূর্ব মাঝের পাড়া, জিদ্দা বাজার ও স্কুল পাড়া এলাকার এক হাজার অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব ই্ফতার সামগ্রী বিতরণ করা হয়।
রেজাউল করিম সেলিম আরও বলেন, ইতিপূর্বেও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্যারচর ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট অতীতে সব সময় অসহায় জনগনের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সব সময় অসহায়দের পাশে থাকবে বলেও ঘোষনা দেন তিনি। #
