এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন দুই শতাধিক অচ্ছল পরিবারের মাঝে (৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১/২ লিটার তেল) মোট ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তাঁর মধ্যে বিতরণ করা হয়েছে কোনাখালী ইউনিয়নের ১৪০ পরিবার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ৬০ কর্মহীন পরিবারের মাঝে।
অপরদিকে সরকারি বরাদ্দের আওতায় কোনাখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২২ কর্মহীন গরীব পরিবারের মাঝে দুইদফায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তৎমধ্যে বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে ১৫২ পরিবারের মাঝে এবং সম্প্রতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। সরকারি বরাদ্দ থেকে ৩২২ পরিবার ও চকরিয়া উপজেলা সমাজসেবা বিভাগের পক্ষথেকে ১৪০ পরিবারসহ কোনাখালীতে মোট ৪৬২ কর্মহীন গরীব পরিবার পেয়েছেন খাদ্য সহায়তা।
বৃহস্পতিবার ৯ এপ্রিল চকরিয়া উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলার কোনাখালী ইউনিয়নে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী, অসহায়, বিধবা, দুস্থ ও ভবগুরেসহ দু:স্থ মানুষের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ মিয়া বলেন, বৃহস্পতিবার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সমাজসেবা বিভাগের আয়োজনে কোনাখালী ইউনিয়নের ১৪০ কর্মহীন অচ্ছ্বল পরিবার ও উপজেলায় আরও ৬০ টি পরিবারকে প্রাথমিক পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা, কোনাখালী ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কোনাখালী ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ মিয়া, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, সচিব সাইফুল ইসলাম, চেয়ারম্যানের সহকারি শহীদুল ইসলাম আকবর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সুধীজন। #
