‘ফেসবুক বানানোটা ছিলো ভুল’, বললেন জাকারবার্গ?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এতদিন নানা জায়গায় ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার লেখালেখি, আলোচনা হয়েছে। এবার বিষয়টি নিয়ে স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেলেন, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে। তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হল ‘ভয়ঙ্কর ভুল’। -এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। ভারতীয় সাংবাদমাধ্যম জিনিউজের সূত্র ধরে অনেককেই খবরটি প্রকাশ করেছেন।

তবে এমন কথা মার্ক জাকারবার্গ কখনো প্রকাশ্যে বলেননি। বরং নানান বিতর্কের মধ্যে তিনি ফেসবুককে মানব সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয় হিসেবে দেখেন।

জিনিউজের সংবাদে বলা হয়, ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, ফেসবুক হল ভয়ঙ্কর ভুল। তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক।

তবে ফেসবুক তৈরি করাকে ‘মারাত্মক ভুল’ বলেননি জাকারবার্গ। বরং তার প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম সেবাটিকে কিছু ‘খারাপ ব্যক্তি/গোষ্ঠি’ যে খারাপভাবে বা খারাপ উদ্দেশে ব্যবহার করতে পারে সেটি আমলে নিতে ব্যর্থ হওয়াকে নিজের ‘বড় ভুল’ হিসেবে স্বীকার করেছেন।

আর এমন বক্তব্যটিও তিনি সম্প্রতি দেননি। সেটি তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দিয়েছিলেন।