বিশেষ প্রতিবেদক : ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হ্নীলা বাসষ্টেশন ও মৌলভী বাজারের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর বিশেষ টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হ্নীলা বাসষ্টেশন এবং মৌলভী বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে প্রভাবশালীদের ছত্রছায়ায় গজিয়ে উঠা শতাধিক অবৈধ দোকান-পাট ভেঙ্গে দখলমুক্ত করেন। স্থানীয় দফাদার-চৌকিদা রেরা এই অভিযানে সার্বিক সহায়তা করেন। এসব অবৈধ স্থাপনার কারণে যানজট সৃষ্টির পাশাপাশি প্রায় সময় দূঘর্টনা ঘটে আসছে। এসময় হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অভিযানের ফলে এই দু’ষ্টেশনের পরিবেশ কিছুটা মুক্ত হলেও আবারো কতিপয় প্রভাবশালীদের ছত্র-ছায়ায় আবারো স্থাপনা গড়ে তুলতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সংবাদকর্মীদের জানান, স্থানীয় জনগণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। কারো ছত্রছায়ায় আবারো অবৈধ দখল চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর জানান, টেকনাফের প্রত্যেকটি ষ্টেশন ও বাজারকে অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সদা প্রস্তুত রয়েছে। ###
