নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে সাবেক রোহিঙ্গা ব্লক মাঝি গুলিবিদ্ধ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : এবার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্থানীয় মাদক কারবারী সিন্ডিকেট,বনদস্যু ও স্বশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সাবেক ব্লক মাঝি হামিদ হোছন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ৬ নভেম্বর রাত ৮টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা এবং নুর আলী পাড়ার মকবুল হোছনের পুত্র ঈমান হোছন (২২) ও কামাল হোছন, বেলা কাদিরের পুত্র ডাকাত নুরুল ইসলাম (৪৫), মোঃ নুর (৩৮), আবুল হোছনের পুত্র আব্দুল খালেক (২৪) সহ স্বশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আই-২(২৫) এর হাফেজ আহমদের পুত্র সাবেক ব্লক মাঝি হামিদ হোছনকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বীরদর্পে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও পার্শ্ববর্তী রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান,সন্ত্রাসীদের গুলিতে হামিদ হোছন গুলিবিদ্ধ হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে কি কারণে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সে বিষয়ে কেউ মুখ খুলে কিছু বলছেনা। হয়তো অপরাধ জগতের কোন কাজের বাঁধা হয়ে দাড়ানোয় হামিদ মাঝিকে স্থানীয় সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। ###