টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও মিয়ানমার বিজিপির (বর্ডার গার্ড পুলিশ) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।
১৪ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় টেকনাফের অভিজাত হোটেল সেন্ট্রাল রিসোর্ট সম্মেলন কক্ষে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে রিজিয়ন পর্যায়ে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ১২ সদস্য বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান এবং মিয়ানমার ১৪ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আকিয়াবস্থ মংডু ১নং বডার্র গার্ড পুলিশের কমান্ডার মিন্থ সোয়ে । এছাড়া উক্ত সৌজন্য বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি), কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ, রামু সেক্টর ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর রুবায়াৎ কবির প্রমুখ।
সকাল হতে বিকাল পর্যন্ত ৭ঘন্টাব্যাপী চলা উক্ত বৈঠকে এতে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান দমন, মানব পাচাররোধ, স্থল সীমান্ত হতে স্থলমাইন অপসারণ, যৌথ টহলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমন, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আলোচনার ভিত্তিতে সমাধানসহ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান এবং খেলাধূলার আয়োজনসহ সীমান্ত সুরক্ষার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।
সৌজন্য বৈঠক শেষে সন্ধ্যা ৬টারদিকে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে সৌজন্য বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
