হুমায়ূন রশিদ : টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে বড় ধরনের একটি আসামীবিহীন পরিত্যক্ত ইয়াবার চালান উদ্ধার করেছে বলে সংবাদ সম্মেলন করে নিশ্চিত করা হয়েছে।
১৯মার্চ বিকাল ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্ত বিনোদন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, ১৯মার্চ রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নিয়মিত টহল দল কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটের ২শ গজ দক্ষিণে জাইল্যারদ্বীপ হতে ৩জন ব্যক্তি সাতাঁর কেটে উঠে আসতে দেখে চ্যালেঞ্জ করলে বস্তা ফেলে পালিয়ে যায়। তাই কোন পাচারকারীকে আটক করা না গেলেও টহলদল ঘটনাস্থল তল্লাশী করে প্লাস্টিকে বিশেষ কায়দায় মোড়ানো বস্তা ৩টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯কোটি ৩০ লক্ষ টাকা মূল্যমানের ৩লাখ ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
