চকরিয়ায় তিন ডেঙ্গু রোগী সনাক্ত জনমনে উদ্বেগ, সুচিকিৎসার দাবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলার সরকারি হাসপাতাল ছাড়াও কয়েকটি প্রাইভেট হাসপাতালে দুই দিনে অর্ধশতাধিক নারী-পুরুষকে পরীক্ষার পর মহিলাসহ তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ অবস্থায় ডেঙ্গু রোগ নিয়ে জনমনে উদ্বেগ-আতঙ্ক তৈরী হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ডেঙ্গু রোগ যাতে প্রকট আকার ধারণ না করে সেইজন্য সুচিকিৎসা নিশ্চিতে আগে-ভাগে ব্যবস্থা গ্রহনে হাসপাতালের চিকিৎসক-নার্স পাশাপাশি প্রশাসনকেও সজাগ ভুমিকা রাখার দাবি জানিয়েছেন।
উপজেলার প্রাইভেট হাসপাতাল জমজমের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, এই হাসপাতালে ৩০ জন নারী-পুরুষ ডেঙ্গু আক্রান্ত কিনা দেখতে টেষ্ট করায়।
এসময় বুধবার ও বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হিসেবে তিনজনকে সনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে জমজম হাসপাতালের একাউন্টস অফিসারের স্ত্রী, স্থানীয় অপর এক যুবক ও ব্রাক্ষ্মণবাড়িয়ার একজন রয়েছে।
বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান চকরিয়া মা ও শিশু হাসপাতালের এমডি মো. জাকারিয়া বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর কিছুটা ভাল হয়ে নিজ বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় চলে আসেন রুহুল কাদের। বৃহস্পতিবার ফের তিনি বমি করলে হাসপাতালে ভর্তি হন।
চকরিয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ বলেন, সরকারী হাসপাতালে ২০জন ডেঙ্গু সনাক্ত পরীক্ষা করলেও তাদের কেউই আক্রান্ত নয়।
তবে উপজেলার বেসরকারী হাসপাতালগুলোতে মনিটরিং করতে গিয়ে জমজম হাসপাতালে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।