পরিবহন পেশার আড়ালে মাদক পাচার : শ্যামলী পরিবহনের বাস চালকের কাছে মিলল ১০ হাজার ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক নুরে আলমকে আটক করা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘মহাখালীর নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ভ ১৫২২৯৬) একটি বাসে ইয়াবার চালান আসছে-এমন খবরে সেখানে অবস্থান করে র‌্যাব সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে অভিযানে বাসটির চালক নুরে আলমকে আটক করা হয়। পরে বাস তল্লাশি বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।’

র‍্যাব-২’র কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী আরও বলেন, চালক গাড়ি চালানোর আগে ও পরে ইয়াবা সেবন করে। এছাড়া সে প্রতিনিয়ত বড় বড় চালান নিয়ে আসে।বাস থেকে যেহেতু মালটা উদ্ধার করা হয়েছে তাই আমরা আইন অনুযায়ীই বাস জব্দ করব। মালিক জড়িত আছে কি না সেটা তদন্দ সাপেক্ষে বলা যাবে। আর কারা কারা জড়িত সেটাও বেড়িয়ে আসবে। ৩ বছর ধরে সে বাস চালানোর আড়ালে ইয়াবা পাচার করে আসছে বলেও জানান তিনি।