নুরুল করিম রাসেল :
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক মো. সিরাজ ওরফে সিরু (২৭) নামে এক মাদক পাচারকারী পুলিশ-বিজিবি’র সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত ব্যক্তি সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমদের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল হতে দুইটি এলজি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশ-বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাং আছারবনিয়া এলাকা হতে নিহত সিরাজকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিয়ানামার হতে ইয়াবার চালান আটকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানে যায় পুলিশ ও বিজিবির যৌথ দল। এসময় ইয়াবা পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে। যৌথ বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষন করে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে সিরাজের গুলিবিদ্ধ দেহ ও দুইটি অস্ত্র পাওয়া যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।
এঘটনায় পুলিশ ও বিজিবির ৪ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছে পুলিশের কনস্টেবল আল ফারুক, হেলাল, বিজিবির সিপাহী জহিরুল ইসলাম ও রানা মিয়া।
এদিকে সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন ও শরীফ মেম্বারের নেতৃত্বে সাবরাং মাদক প্রতিরোধ কমিটি মঙ্গলবার রাতে বন্দুকযুদ্ধে নিহত পাচারকারীসহ দুইজনকে ৫০ হাজার ইয়াবাসহ হাতে নাতে আটক করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল বলে জানা গেছে।
নুর হোসেন চেয়ারম্যান বিএ নামের ফেইসবুক আইডি থেকে উক্ত যুবকদের ছবি সহ পোষ্ট দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারী অনেকে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মীদের জানান, আইন শৃংখলা বাহিনীর এতো অভিযানের পরও কোন কোন এলাকা দিয়ে অতি গোপনে ইয়াবা পাচার করে আসছিল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। এতে মাদক প্রতিরোধ অনেকটা প্রশ্নের সম্মুখিন হয়ে পড়ছিল। অতিষ্ট হয়ে পড়েছিল এলাকার সাধারন মানুষ। ফলে মঙ্গলবার রাতে মিয়ানমার হতে ইয়াবার চালান খালাস হওয়ার সংবাদে ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য শরীফ মেম্বারসহ লোকজন মাদক প্রতিরোধে সফলতার স্বার্থে তাদেরকে হাতেনাতে আটক করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
