হ্নীলায় গুহাফার আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা : অবহেলিত গ্রামাঞ্চলে মানব সেবার এই কার্য্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের অন্যতম স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুহাফা ২১বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক চিকিৎসা শিবির, সম্মাননা ও কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে বক্তারা জনসেবায় গ্রামীণ জনপদে এই ধরনের বৃহৎ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। মানব সেবার মত মহৎ কাজ আর নেই ; আমরা সকলের মানব সেবায় নিয়োজিত থাকা উচিত। আর মানব সেবায় অনন্য এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে দলমত, রাজনীতি ও আঞ্চলিকতার উর্ধ্বে উঠে কাজ করার আহবান জানানো হয়।

২৬ এপ্রিল সকাল ৯টায় হ্নীলা গুলফরাহ-হাশেম ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এরপর বার্ষিকী চিকিৎসা শিবিরে মেডিসিন, নাক, কান, গলা, চর্ম ও যৌন, হৃদরোগ, স্ত্রীরোগ ও সার্জারী বিভাগে ৪শ ৯৮জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১০জন ছাত্রীকে কর্ণছেদন করা হয়। সকাল ১১টায় গুহাফা মিলনায়তনে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বি,কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সদস্য কায়সার উদ্দিন আহমদ ও মমতাজুল ইসলাম মনুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রাক্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুছ।

বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদ,চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরওয়ার আলম, কক্সবাজার ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদ, পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোখতার আহমদ, চট্টগ্রামের পরিবেশ ও মানবাধিকার কর্মী শ,ম বখতিয়ার, এডভোকেট রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল মনোয়ার,ওসি রফিকুল্লাহ, হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোছন এবং টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন।

উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডাঃ জামাল আহমদ এতদ্বাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা এবং মানব কল্যাণে এই প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কার্য্যক্রম তুলে ধরেন। মানবতার কল্যাণে আগামী দিনে এই ফাউন্ডেশনের কর্মপন্থা বিষয়ে আশান্বিত করেন। এই ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহায়তা কামনা করেন। এরপর ফাউন্ডেশনের প্রয়াত দুই সদস্য হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, মৌলানা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্নার শান্তি কামনা করে উপস্থিত সকলে নিরবতা পালন ও বিশেষ দুরূদ পাঠ করা হয়। তারপর উপস্থিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। শেষে ২০১৮ইং সালে শেষে গুহাফা বৃত্তি প্রাপ্ত ৩৮ জন, গরীব মেধাবী ১৫জন এবং কম্পিউটার কোর্স সমাপ্তকারী ৪৫জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।