শুরুতে অভিনন্দন জানাই নবনির্বাচিত টেকনাফ উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ একটি নির্বাচনে জনগনের তথা ভোটারদের আস্থা ও ভালবাসা নিয়ে সুস্পষ্ট ব্যবধানে জনগন আপনাদের নির্বাচিত করেছেন।
বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমকে ব্যালট বিপ্লব ঘটিয়ে নির্বাচিত করেছেন ভোটাররা। একদিকে নৌকা প্রতিকের বিপক্ষে সাবেক দুই সাংসদের জোট, অপরদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যানের মতো শক্ত প্রার্থীর বিপক্ষে জনগন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। কাজেই আপনার প্রতি মানুষের প্রত্যাশাও থাকবে বেশী। আশা করবো মেয়াদ শেষে আবার যখন জনগন তাদের প্রত্যাশার হিসাব মেলাবে তখন যেন তাদের হতাশ হতে না হয়।
এছাড়া ৮জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে নির্বাচিত হয়ে আসা মৌলভী ফেরদৌস আহমদ সবদিক বিবেচনায় চমক সৃষ্টি করে নির্বাচিত হয়েছেন। ভোটের দিন পর্যন্ত তিনি নির্বাচিত হতে যাচ্ছেন সেরকম কোন আভাস ইঙ্গিত ছিল না ভোটের মাঠে। অধিক প্রার্থী আর দুই ইউনিয়নের একক প্রার্থী হিসাবে সুবিধা পেয়ে তিনি নির্বাচিত হলেও রাজনীতি কিংবা ব্যক্তিগত জীবনে মানুষের কাছে এখনো ক্লিন ইমেজের একজন ভাইস চেয়ারম্যান। কাজেই তাঁর কাছেও টেকনাফবাসীর প্রত্যাশা থাকবে বেশী। একজন ধর্মীয় নেতা হওয়ার কারনে নেতিবাচক কোন কিছুতে জনগনের মন ভাঙ্গবে অধিক। কারন ধর্মের জায়গাটা অনেক বেশী বিশ্বাস, আস্থা ও শ্রদ্ধার।
মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি জনগনের পরীক্ষায় পাশ করেছেন। কেননা তিনি ৫ বছর মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, পুনরায় নির্বাচনে প্রার্থী হওয়ায় ভোটাররা তার অতীত কর্মকান্ড, জনগনের সেবা ও কার্যকলাপ বিবেচনা করেছেন। নতুনদের সাথে তুলনা করেছেন। সেই বিচার ও তুলনায় তিনি উৎরে গেছেন।
নব নির্বাচিত পরিষদ যেন জনগনের প্রত্যাশা বুঝতে পারেন সে কামনা থাকবে।
আরো প্রত্যাশা থাকবে নবনির্বাচিত পরিষদ তাদের নিয়মিত সেবা ও কাজের বাইরে মাদক(ইয়াবা)-চোরাচালান-দূর্নীতি, অপরাধ, রোহিঙ্গাদের চাপ কমানো ও শিক্ষার উন্নয়ন বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে সচেষ্ট থাকবেন। আপনাদের কাছে মানুষ যেন ন্যায়বিচার পান।
প্রত্যাশার পাশাপাশি আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।
নুরুল করিম রাসেল
সম্পাদক
টেকনাফ টুডে ডটকম।
