বিআরটিসি বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ৯ মাসের বকেয়া বেতনসহ অন্যান্য দাবি-দাওয়া আদায়ের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর শ্রমিকদের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

টানা কর্মবিরতির দ্বিতীয় দিন বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মুস্তাক আহমেদ জোয়ার সাহারা ডিপোতে গিয়ে বিআরটিসি কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।

এরই প্রেক্ষিতে বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জোয়ার সাহারা বাস ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলমের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

নূর-ই-আলম জানান, দুপুর ১টার মধ্যে শ্রমিকদের হাতে এক মাসের টাকা দেয়া হবে। ৩১ জানুয়ারির মধ্যে দেয়া হবে আরও এক মাসের টাকা। এরপর জুলাই পর্যন্ত প্রতি মাসের বেতনের সঙ্গে ধাপে ধাপে বাকি টাকা সমন্বয় করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এই প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরতরা দুপুর পৌনে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এবং ডিপো থেকে গাড়ি নিয়ে বের হন।

এর আগে তারা মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৮টার মধ্যে সব বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি-দাওয়া মেনে নেয়ার দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও কর্মবিরতির ডাক দেন।

তাদের এই আন্দোলনের কারণে বুধবার দুপুর পর্যন্ত টঙ্গী-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুটে বিআরটিসির একতলা ও দোতলা বাস এবং কয়েকটি প্রতিষ্ঠানের স্টাফ বাস চলাচল বন্ধ ছিল।