টেকনাফ টুডে ডেস্ক : সেতু আরিফের রচনায় রাইসুল তমালের পরিচালনায় নির্মিত হলো নাটক ‘জাপটে থাকুক প্রেম’। নাটকের প্রধান দু’টি চরিত্র ‘জুবায়ের’ ও ‘রাকা’ রূপে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাফা কবির।
প্রচারের আগে নাটকটির গল্প খোলাশা করতে চাইলেন না নির্মাতা রাইসুল তমাল। বললেন, “মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুতরকম হয়। অনেকটা ভাবনার উপর দিয়ে চলে যায়। নাটকের জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই।”
তিনি আরও বলেন, “নাটকটি দেখে দর্শকের মনে হবে, প্রেম তো এমনই যা প্রত্যেকের জীবনের গল্পেই ঘটে গেছে। চরিত্রটি করতে গিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদও এমনটাই বলেছিলেন-‘এ গল্পটা আমারও’। দর্শক নাটকটি উপভোগ করবেন।”
শফিকুল ইসলাম মাসুদের প্রযোজনায় বেসরকারি টেলিভিশন আরটিভি’র বৃহস্পতিবারের একক নাটক হিসেবে ২০ ডিসেম্বর রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘জাপটে থাকুক প্রেম’। নাটকে ইরফান-সাফা ছাড়াও অভিনয় করেছেন- মিলি বাশার, তিয়া রহমান, ফয়সাল হাসান প্রমুখ।
