টেকনাফে রোহিঙ্গা বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো. শহীদ উল্লাহ, টেকনাফ :
টেকনাফে আহমদ হোসেন (৭০) নামে এক রোহিঙ্গা বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সে জাদিমুড়া নতুন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার মুখে বিষের আলামত পাওয়ায় থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে টেকনাফ থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এব্যাপারে এটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
আহমদ হোসেনের স্ত্রী আল মরিজান রোববার বিকালে টেকনাফ হাসপাতালে এই প্রতিবেদককে জানান, দুপুরে তার স্বামী বাড়ি থেকে বের হন। পরে তাকে হাসপাতালে আনার খবর পেয়ে এসে স্বামীর মৃতদেহ দেখতে পান। কি খেয়ে অথবা কিভাবে মৃত্যু হয়েছে তিনি জানেন না। তার স্বামী রাস্তায় পড়ে আছে এরকম খবর পেয়ে ছেলে ইব্রাহিম হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে হাসপাতালে আনার পর ছেলে ইব্রাহিম গা ঢাকা দেওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
এদিকে স্থানীয় জাদিমুড়া এলাকার কয়েক ব্যক্তি খবর পেয়ে হাসপাতালে ভীড় জমান। তারা জানান, বৃদ্ধ আহমদ হোসেন পেটের ভিতর করে ইয়াবা পাচার করতে গিয়ে মারা গেছেন বলে কানাঘুষা চলছে। বৃদ্ধের পরিবার মিয়ানমার হতে ইয়াবা এনে স্থানীয় কয়েকজনকে সরবরাহ করতো বলেও তারা জানান।