টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিজিবি জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা ও চোরাই পথে আসা অন্যান্য পণ্য জব্দ করেছে। ২২ সেপ্টেম্বর শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের ওমর খাল এলাকা হতে দমদমিয়া বিওপির সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জওয়ানরা মিয়ানমার হতে আসা একটি হস্তচালিত কাঠের নৌকাসহ ১ কোটি ২৩ লাখ মূল্যের এসব মালামাল জব্দ করে। তবে এসময় পাচারকারীরা দৌড়ে কেওড়া বনের ভেতর পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালাামালের মধ্যে রয়েছে ৩০ হাজার পিচ ইয়াবা, ১শ কেজি কারেন্ট জাল, ৮০ কেজি সুপারি, ৩ হাজার পিচ ষ্টীলের ছোট চামচ, ৬০ টি ছোট ওড়না, ১শ জোড়া স্যান্ডেল, ৩৫৬ পিচ স্কার্ট ও ১৩ হাজার ৫৩০ প্যাকেট সিগারেট।
জব্দকৃত ইয়াবা ও সিগারেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, নৌকা ও অন্যান্য মালামালগুলো হ্নীলা শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
