হ্নীলায় সরকারী রাস্তার উপর ইয়াবা বাড়ীর দেওয়াল নির্মাণ করায় জনচলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বিশেষ প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় রশিদ মিস্ত্রী নামে এক ইয়াবা গডফাদার কর্তৃক সরকারী রাস্তার উপর বাড়ীর দেওয়াল নির্মাণ করে পানি চলাচল বন্ধ করায় রাস্তার উপর পানি জমে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিন রিপোর্টে দেখা গেছে- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড সংযোগ সড়কের পশ্চিম সিকদার পাড়া এলাকায় স্থানীয় মৃত আব্দুল জব্বারের পুত্র ইয়াবা গড ফাদার রশিদ কর্তৃক এলাকার হাজার হাজার পথচারীর জনমত উপেক্ষা করে সরকারী রাস্তার উপর বাড়ীর দেওয়াল নির্মাণ করে। এর ফলে রাস্তার দু’পার্শ্বে পানি চলাচলের নালা বন্ধ হয়ে রাস্তার উপর সামান্য বৃষ্টি হলেই পানি জমায়েত হয়। এতে জনসাধরণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। হাজার হাজার পথচারী, স্বাভাবিক যাতায়তে চরম দুর্ভোগ নেমে আসে। স্থানীয় একাধিক সচেতন অধিবাসী এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন- বাড়ীর দেওয়াল নির্মাণ করায় রাস্তার দু’পাশের পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাড়ী যাতায়তো দূরের কথা পায়ে হেঁটে বাড়ী যেতেও আমাদের দারুন কষ্ট হচ্ছে। আমরা এলাকাবাসী সরকারী রাস্তার উপর থেকে বাড়ীর দেওয়াল সরিয়ে পানি চলাচলের পথ সৃষ্টি করে দিয়ে জনদুর্ভোগ থেকে বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি জনমত উপেক্ষা করে নিজের সুবিধার্থে রাস্তার উপর বাড়ীর দেওয়াল নির্মাণকারী নব্য কোটিপতি ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রবাজদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।