লেদা রোহিঙ্গা বস্তির জিয়া কক্সবাজার বিমান বন্দরে ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪,৮০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার-ঢাকাগামী ইউএস বাংলা বিমানযোগে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন কক্সবাজার বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ আগস্ট ২০১৮ ইং তারিখ ১৩৪০ ঘটিকার সময় মেজর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জিয়াউল ইসলাম (২৭), পিতা- মোঃ বাছের আহম্মদ, গ্রাম- লেদা রোহিঙ্গা ক্যাম্প, ০৪নং ব্লক, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা লাগেজ তল্লাশি করে ৪,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী একজন বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার এর নাগরিক, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেট এর মাধ্যমে উক্ত ইয়াবা মায়ানমার থেকে নিয়ে আসে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।