নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের টেকনাফ লেদা-আলীখালী অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের আভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি নিরাপত্তা প্রহরী ( সেচ্ছাসেবক ) দল গঠন করা হয়েছে।
সোমবার (০৩ জুলাই) সকাল ১১ টার দিকে আলীখালী ক্যাম্প (২৫) এলাকায় শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২৫ জন রোহিঙ্গাকে নিয়ে গঠিত নিরাপত্তা প্রহরী দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার ( আরআরআইসি) মোহাম্মদ আবুল কালাম।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর লেদা ও আলীখালী ক্যাম্পের কর্মকর্তা মো. পারভেজ পল্লবের সঞ্চালনায় ক্যামপ ইনচার্জ এস এম তারেকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন
লেদা ক্যাম্পের সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন মো. সাইদ। আইওএম সাইট ম্যানেজম্যান্ট সমন্বয়কারী ( টেকনাফ) কনি কোনসিওলো থাঙগারা। এসময় শরনার্থী ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সাইট ম্যানেজম্যান্ট ও সাইট ডেভেলপমেন্ট কর্মকর্তা ক্লিমেনটাইন, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরআরআইসি আবুল কালাম বলেন, ক্যামপের সার্বিক নিরাপত্তা প্রহরী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদেরকেও সচেতন হতে হবে ক্যাম্পে যাতে কোন প্রকার অপরাধ ও মাদক সংশ্লিষ্ট কর্মকা- সংগঠিত হতে না পারে। এছাড়া বিনা কারনে বাহিরের কোন লোকের প্রবেশ ও নিজেদের মধ্যে যাতে কোন প্রকার আন্ত: কোন্দলের সৃষ্টি না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
