এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বখাটে যুবকের বিরুদ্ধে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বখাটে যুবক। ধর্ষণের শিকার ওই শিশুকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা শেষে পরে ওই শিশু বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। গত সোমবার (২৬শে মার্চ) দুপুরে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন পুলিশের চকরিয়া সার্কেল এসপি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আক্রান্ত শিশুর পরিবার ও স্থানীয় সুত্রে জানায়, পাঁচবছর বয়সের ওই মেয়ে শিশুকে বাড়িতে রেখে ঘটনারদিন তাঁর মা জরুরী কাজে পাশে ডুমখালী গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সে সুযোগে পাশের বাড়ির আক্তার আহমদের বখাটে যুবক পুত্র রহিম উদ্দিন (২০) বরই (কুল) দেওয়ার নাম করে ওই শিশুকে নির্জন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত বখাটে রহিম উদ্দিন পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরে আসলে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে।
ঘটনার পরপর প্রতিবেশির সহায়তায় পরিবার সদস্যরা তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টার প্রেরণ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি শুনে এসপি সার্কেলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। তিনি বলেন, অভিযোগ পেলে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
