তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তে মাইন পুঁতছে সেনারা..মঙ্গলবার সন্ধায় তোলা ছবি
নুরুল করিম রাসেল, তুমব্রু নো ম্যানস ল্যান্ড থেকে ফিরে :
মঙ্গলবার সন্ধা পৌনে ৬টা। নো ম্যানস ল্যান্ড ও বাংলাদেশ সীমান্তে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। সবার চোখ সীমান্তের নো ম্যানস ল্যান্ড এর পিছনে পাহাড়ের দিকে। পরে সবার দৃষ্টি অনুসরন করে করে দেখা গেলো মিয়ানমার সেনা সদস্যদের একটি দল লাইন করে তাদের সীমান্তে টহল দিচ্ছে। গুনে ২০ জন সেনা সদস্যকে দেখা গেল। হঠাৎ একটু পর দুই সেনা সদস্য সড়কের পাশে বসে পড়লেন। সবার কৌতুহলী দৃষ্টি সেদিকে। ভাল করে লক্ষ্য করে দেখা গেল তারা মাটিতে কি যেন পুঁতে রাখছেন। এসময় রোহিঙ্গারা জানাল সীমান্তে স্থল মাইন পুতে রাখছে সেনা বাহিনী। মাইন পুতে রাখার পর তারা আবার হাটতে শুরু করলো। জানা গেল তারা তুমব্রু রাইট ঘাটি থেকে তুমব্রু লেফট ঘাটি পর্যন্ত এভাবে টহল দেয়। সেনা সদস্যদের এ মাইন পুতে রাখার দৃশ্য প্রতিবেদকের ক্যামেরায় ধারন করা হয়। সীমান্তের ৫ কিলোমিটারের মধ্যে সেনা অবস্থান না করার নিয়ম থাকলেও মিয়ানমার কর্তৃপক্ষও তাও মানছেন না।
এছাড়া বাংলাদেশ সীমান্তের তুমব্রু থেকে কয়েকশো গজ দুরে মিয়ানমারের তুমব্রু ঘাটিতে নিয়মিত আসা যাওয়া করে সেদেশের হেলিকপ্টার। মঙ্গলবার সকালে ও বিকালে দুই দফায় হেলিকপ্টার আসা যাওয়া করেছে বলে জানাল রোহিঙ্গারা।
