টেকনাফে বাল্য বিয়ে পন্ড করে ছাত্রীকে ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শাহেনশাহ, টেকনাফ :
টেকনাফে মাধ্যমিক পড়–য়া ছাত্রী নাজমা আক্তার লাকীর বিয়ে পন্ড করে দিল প্রশাসন। লাকী (১৪) বাহারছড়ার শামলাপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়–য়া ছাত্রী। সে শামলাপুর আচারবনিয়া গ্রামের সৌদি প্রবাসী হাজ্বী মনছুর আলমের কন্যা।
তার অমতে বাল্য বিয়ে দিতে উঠে পড়ে লাগে পরিবার। এর ধারাবাহিকতায় নিজ বাড়ীতে বিয়ের আয়োজন করে সৌদি প্রবাসী হাজী মনছুর আলম। বিয়ের কথা পাকাপোক্ত হয় পার্শবর্তী উখিয়া মনখালী কোনার পাড়া গ্রামের হাজী নুর বসরের ছেলে সৌদি প্রবাসী নুরুল আমিনের সাথে।
ধার্য্য তারিখ মতে ৩ জুলাই সোমবার বিয়ের আয়োজন চলছিল। অন্য যে কোন বিয়ের মতো গেইট সাজানো হয়েছে। রাতের বেলায় আলোক সজ্জায় সাজানো হয়েছে বিয়ের বাড়ী। সকালে অতিথিদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ম মাফিক মহা ধুমধামে আয়োজন চলছে।

বাল্য বিয়ের খবর পেয়ে উপস্থিত হন টেকনাফ উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তার সাথে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আলম, স্কুলের প্রধান শিক্ষক এম,এ মনজুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবম শ্রেণীর ছাত্রী লাকি আকতারে মাতা হাসিনা আকতারের সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈঠক বসে এবং বাল্য বিয়ের কুফল ও আইনগত বাধা সম্মন্ধে তাদের অবগত করেন। পরে হাসিনা আকতার থেকে যথাযথ বয়স না হওয়া পর্যন্ত লাকীকে বিয়ে দেবেনা মর্মে একটি লিখিত মুছলেকা নেন এবং বাল্য বিয়েটি পন্ড করে দেন। এছাড়া বিয়ের বাড়ী থেকে লাকী আক্তারকে স্কুল ড্রেস পরিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে শামলাপুর উচ্চ বিদ্যালয়ে তার ক্লাস রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে বাল্য বিয়ের বিভিন্ন কুফল ও ক্ষতির দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে অভিভাবকদের সাথে দীর্ঘ আলাপের পর বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।