টেকনাফে রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমের বডিগার্ড নুরুল আফসারকে অস্ত্র-গুলিসহ আটক করেছে র‌্যাব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক ::

টেকনাফে রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম বডিগার্ড তার শ্যালক নুরুল আফসারকে অস্ত্র-গুলিসহ আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় র‌্যাব-৭ এর অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত অস্ত্র ব্যবসায়ী টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া এলাকার সেলিম আহাম্মদের প্রকাশ সেলিম মিস্ত্রির ছেলে নুরুল আফসার (২২)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায়।

র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ীরা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করার লক্ষ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকসদল অভিযান পরিচালনা করে। এ অভিযানে অস্ত্র ব্যবসায়ী নুরুল আফসারকে হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে তল্লাশি করে ৫টি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত নুরুল আফসার কুখ্যাত রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমের শ্যালক এবং সহকারী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ ২ টি মামলা বিচারাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত নুরুল আফসারের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‌্যাব।