: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ সরকার যেকোন সময়ে নির্বাচন ঘোষণা করতে পারে।
বাগেরহাট শহরের মুনিগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ জন্য তিনি দলীয় নেতাকমীদের নির্বাচন এবং আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন। দলের নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন তিনি।
সভায় অন্য নেতারা বলেন,দীর্ঘ আট বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন, বাড়িছাড়া ও নির্যাতন করা হয়েছে। মানুষ অবাধে তাদের ভোট দিতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের দুঃশাসন ও তাদের সব অগণতান্ত্রিক কাজের বিচার করা হবে।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাসাসের সিনিয়র সহ- সভাপতি বাবুল আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, ড. শেখ ফরিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান দিপু অ্যাডভোকেট আসাদুজ্জামান, এ কে এম আব্দুল হাই, ওজিয়ার রহমান, শেখ শাহেদ আলী রবি, খান মতিয়ার রহমান, মোজ্জাফর রহমান আলম, হাদিউজ্জামান হিরোসহ জেলা নেতৃবৃন্দ।
