কিভাবে সন্তানের আত্মবিশ্বাস বাড়াবেন?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আত্মবিশ্বাস লবণের মতো, পরিমিত পরিমাণেই ভালো। একেবারে না থাকলে যেমন সমস্যা, তেমনি বেশি হলেও হতে পারে ক্ষতিকর। বিশেষ করে সন্তানের ক্ষেত্রে, বাবা-মা হিসেবে তাদের এই ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। অতিরিক্ত প্রশংসা সন্তানের মধ্যে অহংকার জন্ম দিতে পারে, আবার আত্মবিশ্বাসের ঘাটতি তাকে পিছিয়ে দিতে পারে।

তাই সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। চলুন, জেনে নিই।সাফল্যে প্রশংসা ও উদযাপন
সন্তান কোনো কাজ সফলভাবে সম্পন্ন করলে, সেটা ছোট হোক বা বড়, তার প্রশংসা করুন এবং সেই সাফল্যকে উদযাপন করুন। শুধু ফলাফল নয়, তার চেষ্টাকেও স্বীকৃতি দিন।

এতে করে সে নিজের চেষ্টা ও সামর্থ্যের প্রতি আস্থাশীল হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ পাবে।নতুন কিছু শেখার উৎসাহ দেওয়া
সন্তানের পছন্দ বা আগ্রহের দিকগুলো খুঁজে বের করুন এবং সেগুলোতে তাকে নতুন কিছু শেখার বা চেষ্টা করার উৎসাহ দিন। শেখার এই প্রক্রিয়ায় যদি সে ব্যর্থও হয়, তাহলে হতাশ না হয়ে তাকে বোঝান – চেষ্টা করে যাওয়া-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষতা বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাসও বাড়বে।

ছোট ছোট দায়িত্ব দেওয়া
শুধু প্রশংসা করলেই হবে না, সন্তানকে বয়স অনুযায়ী কিছু দায়িত্ব দিন। যেমন – নিজের খেলনা গুছানো, ঘরের কাজ সামান্যভাবে সাহায্য করা, নিজের জামাকাপড় গুছিয়ে রাখা ইত্যাদি। এ ধরনের দায়িত্ব সফলভাবে পালন করলে সে নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন হবে ও আত্মবিশ্বাস তৈরি হবে। সেইসাথে শিখবে বিনয়ী থাকতে।

ভুল থেকে শেখার সুযোগ দেওয়া
ভুল করা যে স্বাভাবিক – এটা সন্তানকে বোঝান।

যখন সে কোনো ভুল করে, তখন তাকে তিরস্কার না করে বরং সে ভুল থেকে কী শেখা যায় তা নিয়ে আলোচনা করুন। তাকে ভুল শুধরে নিতে সহায়তা করুন এবং শেখার পথে এগিয়ে যেতে উৎসাহ দিন। 

সন্তানের আত্মবিশ্বাস গড়ে তোলা মানে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা – যাতে সে আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু বিনয়ের সাথে জীবনের পথে এগিয়ে যেতে পারে।

সূত্র : আজকাল