ঢাকায় পৌঁছেছে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আজ দেশে পৌঁছেছে। শনিবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটযোগে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। বিমানবন্দরে সরকারের পক্ষে তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে তার মরদেহ বাংলাদেশে আসে। একই ফ্লাইটে আসেন আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যরা।
gaffar TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকার নিবন্ধিত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলা’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদসহ সমাজের নানা স্তরের মানুষ। বেলা ৩টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পর্বটি চলবে।

এরপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বিকেল ৪টায় তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে গাফফার চৌধুরীর মরদেহবাহী কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন সাংবাদিকরা। পরে শনিবার বিকেল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জনপ্রিয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়।

এরপর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সদস্যরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২৩ মে গাফফার চৌধুরীর স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভা আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।