হুমায়ূন রশিদ : টেকনাফে মোবাইলে রাখা ছবি নিয়ে দুপক্ষের দ্বন্দের জেরধরে সংঘবদ্ধ গ্রুপের হামলায় ছোট ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতকে পোস্টমর্টেম শেষে জানাজার পর স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।
৭মে দুপুরে বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীড়ের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানীর ছোট ছেলে, কক্সবাজার সিটি কলেজের ছাত্র এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাগিব শাহরিয়ার মুরাদ (২১) এর মৃতদেহ পোস্টমর্টেম শেষে বাড়িতে আনা হয়। বাদে আছর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা পূর্ব এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকসহ সকলে চিহ্নিত খুনীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবী জানান। এরপর তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়,নিহত রাগিব ও স্থানীয় কয়েকজনসহ উখিয়া জালিয়াপালং ইউপির মনখালী বাগঘোনা গ্রামের মৃত মৌঃ অলি উল্লাহর পুত্র রফিক উল্লাহ ও ছেপটখালী গ্রামের জহির এর পুত্র আদিলসহ ১০/১২ জনের একটি বন্ধু গ্রæপ ছিল। তাদের মধ্যে সেলফিবাজি ও বিভিন্ন সময়ে ছবি একে অপরের মোবাইলে ছিল। এসব ছবির মধ্যে একটি ছবি নিয়ে আপত্তি উঠলে তাদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। এরই জেরধরে ৬মে বিকালের দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তা সমাধানের কথা বলে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন এবং রফিক উল্লাহ ও আদিলসহ ৭/৮জন মিলে সাইফুল্লাহ কোম্পানীর পুত্র রাগিব শাহরিয়ার মুরাদকে শামলাপুর বাজারে আসতে বলে। মুরাদ বাজারে কামারের দোকানের সামনে এলেই আগ থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে নিরুপায় হয়ে নুর আহমদ মার্কেটে প্রবেশ করে। এই সংবাদ পেয়ে মুরাদের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন প্রতিরোধ করতে গেলে হামলাকারীদের হামলায় গুরুতর আহত হয়। এরপর হামলাকারীরা বীরদর্পে চলে গেলে মুরাদ ও মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্ষ ক্ষরণে মুরাদ মৃত্যুবরণ করে। গুরুতর আহত কামালকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মুরাদ ভাই-বোন ৩জনের মধ্যে সকলের ছোট ছিল। এই নৃশংস হত্যাকান্ডের বিষয়ে পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ এলে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত স্বাপেক্ষে এই নৃশংস ঘটনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ^স্থ করেন। ###
