চকরিয়া পেকুয়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি জাফর আলম

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হবার পর তিনি গতকাল সোমবার ২৭ নভেম্বর নির্বাচনী এলাকা চকরিয়া পৌঁছে তাঁর সমর্থনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন।

গতকাল সোমবার বিকালে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্স চত্বরে আয়োজিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার। সমাবেশে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সিংহভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধি, দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে এমপি জাফর আলম বলেন, নির্বাচনী এলাকার জনগণের চাপের মুখে আমি শেষপর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকবো। ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন- স্বাধীনতার ৪৩ বছর পর এই আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে জনগণের খুব কাছাকাছি ছিলাম। এজন্য জনগণ এবারের নির্বাচনেও আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। তাই জনগণের সেই ভালবাসা থেকে আমি কোনদিন দূরে থাকতে চাই না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এজন্য আমি মাঠে কাজ শুরু করবো।
জাফর আলম বলেন, ‘ইতোমধ্যে দলের প্রধান শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দলের মধ্যে যদি কোন সম্ভাবনাময়ী প্রার্থী থাকে, তাদের কেউ যদি মনোনয়ন নাও পায় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। আমিও সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। কারণ এই আসনে যাকে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছে তিনি ইতোপূর্বে তিনবার নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

তিনি দলের দুঃসময়ে কোন নেতাকর্মীর পাশেও ছিলেন না। এমনকি বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসী কর্মকান্ড রোধে রাজপথেও ছিলেন না। তাই দলের নেতাকর্মী থেকে শুরু করে চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী উপজেলার আপামর জনগণ তার কাছ থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন। এবারও তার নিশ্চিত ভরাডুবি হবে জেনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন জনগণ আমার পক্ষেই আছেন জানিয়ে এমপি জাফর আলম বলেন, জনগণ আমাকে আবারও এমপি হিসেবে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দেবেন।

এদিকে জাফর আলমের সমর্থনে আয়োজিত এই সমাবেশের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রকীব উর-রাজা, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

উল্লেখ্য কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপিকে দলের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। ##