নয়াপাড়া শরণার্থী ক্যাম্প কর্মচারীর ২য় শ্রেণী পড়ুয়া ছেলে অ*প*হ*র*ণ করে ৩০লাখ টাকা মু*ক্তি*প*ণ দাবী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের আরআরআরসি অফিসের এক কর্মচারীর প্রাইমারী স্কুলের ২য় শ্রেণী পড়ুয়া ছেলেকে অপহরণ করে ৩০লাখ টাকা মুক্তিপণ দাবী করছে পাহাড়ে অবস্থানরত স্বশস্ত্র দূবৃর্ত্ত চক্রের সদস্যরা। এই ধরনের ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

জানা যায়,গত ৪জুন উপজেলার হ্নীলা দক্ষিণ লেদার বাসিন্দা, নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আরআরআরসি অফিসের ওয়াটার পাম্প অপারেটর সোলতান আহমদের পুত্র লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ুয়া মোঃ হোছাইন (৮) প্রতিদিনের ন্যায় স্কুলে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঐদিন রাতে একটি অপরিচিত মুঠোফোন নাম্বার হতে কল করে এই শিশু দূবৃর্ত্ত দলের হাতে অপহরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথমে ৫০লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এছাড়া দূবৃর্ত্ত দল দম্ভ করে বলে আমরা আলীখালী হতে অপহৃত ৫জনের মধ্যে এক জনকে হাত কেটে বাড়িতে পাঠিয়েছি। মুক্তিপণের টাকা না দিলে তোমার ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেয়। এই হুমকির পর অপহৃত শিশুর পরিবারে কান্নার রোল পড়ে। অপহৃত ছেলের পরিবার অসহায় বিধায় মুক্তিপণ দাবীকারীরা শেষ পর্যন্ত ৩০লাখ টাকা মুক্তিপণে অপহৃত শিশুকে ফেরত দেওয়ার দাবী জানায়।

অপহৃতের পিতা সোলতান আহমদ জানান,আমি সামান্য বেতনে আরআরআরসি অফিসে ওয়াটার পাম্প অপারেটর পদে চাকরী করে যা পাই তা নিয়ে সংসার চালাতে পারিনা। আমি এত টাকা কোথায় পাব বলে কান্নায় ভেঙ্গে পড়েন। সে তার হারানো বুকের ধনকে ফিরে পেতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় অথবা খুনের ঘটনায় এখন পুরো কক্সবাজার বাসী আতংকে আছে। ২য় শ্রেণী পড়ুয়া শিশু অপহরণ করে মুক্তিপণ দাবী বড়ই নির্মম ঘটনা। আমরা বিষয়টি থানা পুলিশকে লিখিত আকারে অবহিত করেছি। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই শিশুকে উদ্ধারের জন্য সকলের সহায়তা কামনা করছি। পাশাপাশি পাহাড়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে টেকনাফ জনপদে শান্তি ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।

স্থানীয় সাধারণ মানুষ প্রাইমারী স্কুলের ২য় শ্রেণীতে পড়ুয়া ছেলে অপহরণ করে মুক্তিপণ দাবী অন্যথায় আগুনে পুড়িয়ে মারার হুমকির ঘটনায় স্কুল-মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীদের অভিভাবকেরা চরম আতংকে রয়েছে। ###