ফরিদুল আলম : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১৮ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং পুরান পাড়ার জনৈক আবুল কালামের বসত-ঘরের নিকট অভিযান চালিয়ে ১১টি বিদেশী মদের বোতলসহ আবুল কালামের পুত্র মোহাম্মদ আরাফাত (১৯) কে গ্রেফতার করে। অপরদিকে সকাল ৯টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং আমতলী পুকুরপাড়ের পাশে কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পাশের পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে স্থানীয় নজির আহমদের পুত্র আব্দুর রশিদ (২০) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ ও আশপাশের এলাকায় তল্লাশী চালিয়ে ৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
