চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি দোকানের চাউনি ;রক্ষা পেয়েছে পুরো বাজার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলা খুটাখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বেশকটি দোকান পুড়ে গেলেও বড়ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে পুরো বাজার। শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মাছ বাজারস্থ মেম্বার ইসলাম আহমদ মার্কেটের একটি দোকানে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ভাবে কোথা থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। এ ঘটনায় কমবেশি ৫/৬ লোক আহত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার আগে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খুটাখালী বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার বিকালে সাবেক মেম্বার ইসলাম আহমদের মালিকানাধীন টিনসেট মার্কেটে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পায় তারা। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যবসায়ীরা পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। এরইমধ্যে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঐ মার্কেটের প্রায় ২/৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন মার্কেটের মালিক নুরুল হুদা টিটু।

খুটাখালী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু জানান, স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এগিয়ে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে খুটাখালী বাজার রক্ষা পেয়েছে। তবে দুই তিনটি দোকানের চাউনি পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ও মেম্বার জিশান শাহরিয়ার। তিনি আগুন নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রাণপন চেষ্টার কথা তুলে ধরে সকল বিপদ-আপদে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন
আফিসার মোঃ সেলিম উদ্দীন। তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে। অবশ্য তার আগে ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে পুরো বাজারটি রক্ষা পেয়েছে।