নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার কলেজ ছাত্র ফয়সাল অপহরণ মামলার মূল আসামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের একজনের কাছ থেকে ফয়সলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তি টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। এরা হচ্ছে নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের মোঃ রশিদের ছেলে আমানউল্লাহ (২৩) ও একই ব্লকের মোঃ ইসলামের মোঃ শফি(২২)।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম জানান, থানার এসআই মোঃ হুসাইন তার সঙ্গীয় অফিসার/ফোর্সসহ গত ৬মে সাড়ে ৪টার দিকে অপহরন মামলার মূল আসামী রোহিঙ্গা শরনার্থী আমান উল্লাহকে নয়াপাড়া ক্যাম্প থেকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরনের স্বীকার ফয়সাল এর ব্যবহৃত মোবাইল আসামীর মামা মো শফির কাছ থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ভোরে হৃীলা ইউনিয়নের সাবেক মেম্বার বাবুলের ছেলে ফয়সাল (১৭) মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি হতে বের হলে অজ্ঞাতনামা অপহরনকারীরা তাকে সিএনজি যোগে অপহরন করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে ২০ এপ্রিল ভোরে অপহরণের পাঁচ দিন পর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্রিক ফিল্ডস্থ এলাকা থেকে সে উদ্ধার হয় এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।
অপহরনের কারন, মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
মুক্তি পাওয়ার পর ফয়সালের স্বজনরা জানিয়েছিল দশ লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়েছিল।
