জসিম উদ্দিন টিপু : টেকনাফের অন্যতম দাতব্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষ্যে চিকিৎসা শিবির, আলোচনা সভা, সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে পালিত হয়েছে।

৩রা মার্চ (শুক্রবার) সকাল ৯টায় উপজেলার হ্নীলা গুহাফা মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফাসহ উপস্থিত অতিথিবৃন্দ। এরপর বার্ষিক চিকিৎসা শিবিরে মেডিসিন, হৃদরোগ, নাক, কান, গলা, কিডনী, সার্জারী, চর্ম ও যৌন এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য রেজিষ্ট্রেশনকৃত ৪৫০জন নারী-পুরুষ, যুবক ও শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৪জনকে সার্জারী করা হয়।

সকাল ১১টায় সম্মাননা,কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং আলোচনা সভা গুহাফার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শ.ম বখতেয়ার ও উম্মে হুমাইরার যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের ট্রেজারার বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী প্রফেসর ডঃ মোহাম্মদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডাইরেক্টর প্রফেসর ডাঃ আমির হোসেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোজাফফর হোসাইন, চট্টগ্রাম এলিট ট্রেডিংয়ের স্বত্তাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক সিরাজুল মনোয়ার, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আখতার হোসাইন। স্বাগত বক্তব্যে গলফরাজ-হাশেম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সালাউদ্দিন জামাল ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য, বিগত ২৫বছরের কর্মকান্ড এবং আগামী দিনগুলোতে অত্র ফাউন্ডেশন সমাজ ও জনসেবামূলক কর্মকান্ড আরো উন্নত এবং গতিশীল রাখতে এলাকাবাসীসহ উপস্থিত সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।

এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা মাদকের করালগ্রাসে নিমজ্জিত টেকনাফের মানুষের স্বাস্থ্যবান ও শিক্ষিত এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন স্মরণীয় হয়ে থাকবে। টেকনাফের চিকিৎসা এবং শিক্ষা বঞ্চিত মানুষের উন্নয়ন সাধন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করার মতো যোগ্য জনশক্তি তৈরী করতে গুহাফার মতো আরো দাতব্য, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সমাজের সামথ্যবান ব্যক্তিদের প্রতি আহবান জানানো হয়।

অনুষ্ঠান শেষে রজতজয়ন্তী উপলক্ষ্যে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ, বিশিষ্ট ৩জনকে সম্মাননা দেওয়া হয়, গুহাফা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ জন এবং গরীব-মেধাবী ৫জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ####
